রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার বসছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডির জমজমাট ফাইনাল। ম্যাটের ওপর দুই দিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ এখন প্রস্তুত। পুরুষ বিভাগের শিরোপার জন্য লড়বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।
শনিবার বিকেল ৪টায় পুরুষ বিভাগের এবং ৫টায় নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
শুক্রবারের সেমিফাইনালগুলো ছিল উত্তেজনায় ঠাসা। বিশেষ করে নারী বিভাগের প্রথম সেমিফাইনালটি ছিল আসরের অন্যতম সেরা ম্যাচ। যেখানে জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া বিজিবি ও আনসারের মেয়েরা একে অপরকে একচুলও ছাড় দেয়নি। প্রথমার্ধে আনসার ১৬-১৫ পয়েন্টে এগিয়ে থাকলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বিজিবি। একপর্যায়ে আনসারকে অল আউট করে লিডও নেয় তারা। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় নির্ধারিত সময়ের খেলা ৩২-৩২ পয়েন্টে অমীমাংসিত থাকে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩৯-৩৫ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ আনসার।
দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য লড়াই হয়েছে একপেশে। পুলিশের দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি রাঙ্গামাটির মেয়েরা। প্রথমার্ধে ৩১-৬ পয়েন্টে এগিয়ে থাকা পুলিশ ম্যাচটি জিতে নেয় ৬২-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে।
পুরুষ বিভাগে বিজিবি ও নৌবাহিনীর মধ্যকার প্রথম সেমিফাইনালটিও ছিল উপভোগ্য। প্রথমার্ধে ২৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিজিবি আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফেরার চেষ্টা করে নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত ৩ পয়েন্টের আক্ষেপে পুড়তে হয় তাদের; ৪০-৩৭ পয়েন্টে জিতে ফাইনালে পা রাখে বিজিবি। দিনের অন্য সেমিফাইনালে সেনাবাহিনী ও বিমানবাহিনীর লড়াই ছিল সমানে সমান। প্রথমার্ধে ১৩-১৩ সমতার পর দ্বিতীয়ার্ধেও লড়াই চলে সমান্তরালে। শেষ বাঁশি বাজার সময় ৩৩-৩০ পয়েন্টের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেনাবাহিনী।


