ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
আটককৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৪৬)। তিনি মহেশপুর উপজেলার নেপা বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বেনাপোড়া মাঠ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় রফিকুল ইসলামকে তার ঘাসক্ষেত থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


