বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা মনোনয়ন বঞ্চিত হবেন, তারাও যেন দলের প্রার্থীর পক্ষে কাজ করেন।
তিনি বলেন, ‘মনোনয়ন না পেলেও ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে থাকতে হবে। দলের জন্য যারা পরিশ্রম করছেন, তাদের মূল্যায়ন ভবিষ্যতে করা হবে।’
সোমবার বিকালে ঢাকার গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের প্রায় তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা বিকাল ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টায় শেষ হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এই মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী পর্যায়ের নেতা এবং দীর্ঘদিন ধরে মাঠে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন। অনেক প্রার্থী আছেন যারা এবার মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও সভায় উপস্থিত থেকে পুনরায় সুযোগ চেয়েছেন।


