চার বোতল মদ রাখার মামলায় খালাস পেয়েছেন কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর।
সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় দেন।
আসামি পক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ জানান, গত ৩ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করা ছিল। শুনানিতে উপস্থিত ছিলেন আসামি আসিফ আকবর।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। এসময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়।
মদ পাওয়ার পর তা পরীক্ষা–নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ–পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপপরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে মোট তিন জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।


