যশোরের মণিরামপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজগঞ্জ বাজার এলাকার একটি বেসরকারি ঋণদান সংস্থার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান (৩৫), তার স্ত্রী নীলা খাতুন ও শ্যালক একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক সাকিবুর রহমান নিশান (২৩)।
নিহতদের প্রতিবেশী হেলাল উদ্দিন বলেন, মিজানুর রহমান স্ট্রোক করে গত একমাস ধরে অসুস্থ হয়ে যশোরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন স্ত্রী নীলা ও শ্যালক নিশান। পথে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। ঘটনাস্থলে তিনজন নিহত হন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে, নিহতদের পরিবার কোনো আইনি সহায়তা চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’


