ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্যানুযায়ী, এই অ্যাপের মাধ্যমে বুধবার বিকাল ৩টা পর্যন্ত মোট ১ লাখ ৫৭ হাজার ২৩৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬২৭ জন পুরুষ ভোটার এবং ১৭ হাজার ৬০৮ জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ২২ হাজার ৩৬৫ জন, যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৭১৪ জন, সিঙ্গাপুরে ৯ হাজার ৯০২ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪২২ জন, যুক্তরাজ্যে ৮ হাজার ৯৭৮ জন, কানাডায় ৮ হাজার ৯১৫ জন, মালয়েশিয়ায় ৮ হাজার ৬১ জন।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনাবলী দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।


