ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য। সেই সঙ্গে আকাশে উড়বে ৪১৮টি ড্রোন, সুরক্ষা নিশ্চিতে কাজ করবে ডগ স্কোয়াডও।
সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সভায় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। যার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৮ হাজার ৭৮০টি, গুরুত্বপূর্ণ ১৬ হাজার ৫৪৮টি ও সাধারণ ভোট কেন্দ্র ১৭ হাজার ৪৩৩টি।
এসময় এক সাংবাদিক জানতে চান, ‘গুরুত্বপূর্ণ মানে কি এগুলো ঝুঁকিপূর্ণ?’
জবাবে উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ মানে হলো নিরাপত্তার দিক থেকে যেগুলো ঝুঁকিপূর্ণ সেই কেন্দ্রগুলো।
অর্থাৎ সে হিসেবে ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৩২৮টিই ঝুঁকিপূর্ণ।
জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যরা অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোয় ২৫ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হবে।
তিনি বলেন, ‘এবারের নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার। নির্বাচনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৪১৮টি ড্রোন ব্যবহার করা হবে। তাছাড়া নির্বাচনে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াড ব্যবহার করবে।’
‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘অ্যাপটির সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। এটি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও এর দ্রুত প্রতিকার/নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।’
দুর্গম কেন্দ্রগুলোয় ব্যালটসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যেকোন ধরনের অপতৎপরতা ও কার্যক্রম অন্তর্বর্তী সরকার কর্তৃক কঠোর হাতে দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশ নেন।


