ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
তিনি বলেন, ‘বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অমার্জনীয় ও নিন্দনীয়। এটি নির্মমতার চরম বহিঃপ্রকাশ।’
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে একটি নোটিশের আলোচনার ফাঁকে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে আপডেট দেবেন বলে আশা করছি।’
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভেনিসে গিয়ে হামলার শিকার হন বাঁধন। মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা করেন। এ ঘটনার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে কয়েকজনকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিতে দেখা যায়। তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।
ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। তারকা ও সহশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, ভেনিসে বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে।


