ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে দলের নেতারা। একই সঙ্গে বাঁধন ও তার পরিবারের সঙ্গে থাকা নারী ও শিশুকে আঘাত করার ঘটনার প্রতিবাদ, ধিক্কার ও ক্ষোভ জানিয়েছে এনসিপি।
এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘দেশজুড়ে গণহত্যা ও জুলুম চালিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটা আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী দেশ থেকে পালিয়ে এখন বিদেশের মাটিতে বসে দেশের জুলাই যোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী হামলা ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ভেনিসে একজন সুপরিচিত সাংস্কৃতিক কর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার মতো জঘন্য অপরাধ প্রমাণ করে যে, তাদের হিংস্র খুনে মানসিকতা বিন্দুমাত্র বদলায়নি।’
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো বিবৃতিতে নেতারা আরও দাবি করেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভেনিসে উপস্থিত থাকাকালে তার ঘনিষ্ঠ সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে। তার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ব্যক্তিরাই মূলত ভেনিসের মাটিতে অভিনেত্রী বাঁধন ও তার পরিবারের ওপর এই হামলা চালায়।
বাঁধনকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার ঘটনা বিদেশে অবস্থানরত পরাজিত ও পলাতক ফ্যাসিবাদের শীর্ষ নেতাদের প্রত্যক্ষ মদদ ও উস্কানিতেই এই রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলা পরিচালিত হচ্ছে বলে সুস্পষ্টভাবে প্রমাণ করে বলে মনে করে এনসিপি।
দলটির নেতারা বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের এই অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড আবার প্রমাণ করে দিল, এই ফ্যাসিবাদী গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক রিকনসিলিয়েশন (পুনর্মিলন) সম্ভব নয়। যারা বিদেশের মাটিতেও জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করতে দ্বিধা করে না, তাদের স্থান কেবল আইনের কাঠগড়ায়। স্বৈরাচার পতন ঘটানো জুলাই যোদ্ধারা আমাদের জাতীয় সম্পদ; বিদেশের মাটিতে সন্ত্রাসী এই সংগঠনের ক্যাডাররা তাদের ওপর হামলা চালানোর যে দুঃসাহস দেখিয়েছে, তা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।’
ইতালির সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করে এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিবৃতিত অভিযুক্তদের ভিসা বাতিল করে বাংলাদেশে ডিপোর্ট (বহিস্কার) করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা। সেইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে অবস্থানরত সব জুলাই যোদ্ধা, প্রবাসী বিপ্লবী কর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসগুলোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ভেনিসের এই সন্ত্রাসী হামলায় জড়িতদের কূটনৈতিক ও আইনি মাধ্যমে বাংলাদেশে ডিপোর্ট করে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা না হলে বর্তমান সরকারকে কঠিন জবাব দিতে হবে বলেও হুঁশিয়ার করেন এনসিপি নেতারা। তারা জানান, এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক সব মঞ্চে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।


