দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ‘জরুরি সাড়াদান কেন্দ্র চালু’ করেছে। কেন্দ্রের টেলিফোন নম্বর ০২-৫৮৮১১৬৫১।
কেন্দ্রটি বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
ঢাকা জেলায়, বিশেষ করে রাজধানীতে চারজন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে একজন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে পাঁচজন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরায় ২২ জন আহত হয়েছেন। সর্বমোট ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। নিহতদের প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের মাধ্যমে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলমান রয়েছে।
এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অনেক আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা প্রস্তুত হলে তা পরবর্তীতে জানানো হবে।


