ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি । আমরা আহত প্রতিটি ব্যক্তির দ্রুত সুস্থতার জন্যও প্রার্থনা করি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের সাথে একাত্মতা প্রকাশ করি।’
দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ভেনেজুয়েলা সরকারকে শক্তি, ধৈর্য ও দ্রুত পুনরুদ্ধার কার্যক্রমেও শুভকামনা জানান তারেক রহমান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি হয়, যা ১৯০০ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।
এদিকে বৃহস্পতিবার সবশেষ তথ্যানুযায়ী, ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত চার হাজার ৩০০ বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৈরি একটি ওয়েবসাইটে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।


