মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বিএনপি গঠিত ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, আর সোমবার টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও আলোচনা সভা আয়োজন করা হবে।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেবেন।


