ভালোবাসা দিবসে ‘বিশেষ পাঁচফোড়ন’

ভালোবাসা দিবসে ‘বিশেষ পাঁচফোড়ন’
Advertisement
Advertisement

ভালোবাসা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ‘ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিভিন্ন বিশেষ দিনে প্রচারিত হয়ে আসা এই অনুষ্ঠানটি এবার সাজানো হয়েছে ভিন্ন পরিবেশ ও বৈচিত্র্যময় আয়োজনে।

‘পাঁচফোড়ন’ মূলত একটি ম্যাগাজিন অনুষ্ঠান, যেখানে নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকেন না। প্রতিটি আইটেম নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করা হয়, যা এই অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। দেশের বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীরাই এখানে উপস্থাপকের ভূমিকায় থাকেন।

এবারের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক দম্পতি, যারা ভালোবাসা দিবসে বাইরে ঘুরতে না গিয়ে নিজেদের ঘরেই দিনটি কাটান। ভালোবাসা, সম্পর্ক ও দৈনন্দিন জীবনের নানা আলাপ-আলোচনার মধ্য দিয়ে তাদের দিনযাপন থেকেই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়নের মূল কাঠামো। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর ও সারিকা সাবরিন। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে রয়েছে গান, নাচ, নাটক এবং সমসাময়িক বিষয়ভিত্তিক প্রতিবেদন।

অনুষ্ঠানে থাকছে দুটি গান। কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন আঁখি আলমগীর, সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আরেকটি দ্বৈত গান গেয়েছেন কমল ও তানজিনা রুমা; এর কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। পাশাপাশি একটি জনপ্রিয় ফোক গানের মিউজিকে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় বিশেষ নৃত্য রয়েছে, যা পরিচালনা করেছেন মুরাদ।

এছাড়া যশোরের খেজুরের ঐতিহ্য রক্ষায় ‘রস কাকা’ নামে পরিচিত কাজি মাওলানা ফারুক হোসেনের অভিনব উদ্যোগ নিয়ে থাকছে একটি সমসাময়িক প্রতিবেদন। আরও রয়েছে লোকালয়ে বসবাসকারী এক ব্যতিক্রমী শিয়ালকে ঘিরে বিশেষ প্রতিবেদন এবং ভালোবাসা বিষয়ক মজাদার নাট্যাংশ।

‘ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন’ এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad