নির্বাচন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে ঘরে ফেরা মানুষের ভিড়

নির্বাচন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে ঘরে ফেরা মানুষের ভিড়
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। দক্ষিণ ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাসে ভোট দিতে যাওয়া যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। যাত্রীরা বলছেন, ঈদ ছাড়া এমন চাপ সাধারণত দেখা যায় না।

মঙ্গলবার সকাল ১০টায় সাভার বাসস্ট্যান্ডের পাকিজা পয়েন্টে গিয়ে দেখা যায়, ষাটোর্ধ সুলতান মিয়া দুই মেয়েকে নিয়ে দিনাজপুর যাওয়ার জন্য বাসের অপেক্ষায় আছেন। তার মেয়েরা সাভারে গার্মেন্ট কারখানায় কাজ করেন। নির্বাচনে ভোট দিতে তারা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামের বাড়িতে যাচ্ছেন।

সুলতান মিয়া জানান, সোমবার গ্রাম থেকে মেয়েদের নিতে এসেছেন। দুই ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় থাকলেও বেশি ব্যাগেজ থাকায় কোনো বাস তাদের নিতে চাইছে না। এ ছাড়া, জনপ্রতি অতিরিক্ত ২০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

একই স্থানে কথা হয় তানজিল ও তার স্ত্রী কুলসুম আক্তারের সঙ্গে। তারা সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ডাইং কারখানায় কাজ করেন। তানজিল জানান, তাদের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। ভোট দিতে তারা গ্রামে যাচ্ছেন। তবে বাস সংকটের কারণে এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।

রংপুরগামী একটি পরিবহনের চালক আয়নাল হক বলেন, নির্বাচন উপলক্ষে এমন ভিড় হবে তা আগে থেকে বুঝতে পারেননি বাস মালিক ও চালকরা।

আরও পড়ুন

সাভার বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের মালিক রমিজ উদ্দিন জানান, সোমবার ও মঙ্গলবার একই রকম যাত্রীচাপ ছিল।

সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, হেমায়েতপুর, বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানীসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, সাভারের প্রায় ১৫টি বাসস্ট্যান্ডে সকাল থেকে এমন দৃশ্য দেখা গেছে।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল জানান, সোমবার ও মঙ্গলবার দুপুর পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ ছিল, যা সাধারণত ঈদে দেখা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে।

দক্ষিণ ও উত্তরবঙ্গের ৩৬টি জেলার বাস সাভার হয়ে চলাচল করে থাকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad