বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’ এমন বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্য ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণ’।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত “দৈনিক এই সময়”কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমন সম্পূর্ণ “অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ” বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়।’
‘এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে জামায়াত কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য আহবান জানাচ্ছি,’ বলেন পরওয়ার।
‘জামায়াত স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে জামায়াতের বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যুনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন’ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম। জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’


