দিল্লিতে ২৪ ঘণ্টার সফরে শি জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার কর্মী

দিল্লিতে ২৪ ঘণ্টার সফরে শি জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার কর্মী
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন শি জিনপিং। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে একদিনের সফরে শনিবার দুপুরে দিল্লিতে পৌঁছান তিনি।  সাত বছর পর এটিই তার প্রথম ভারত সফর।

এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের যোগাযোগের পর শি জিনপিংয়ের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তার সঙ্গে রয়েছেন দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

এদিকে শি জিনপিংয়ের সফর ঘিরে দিল্লিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তার চলাচল ও অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করছে।

চীনা প্রেসিডেন্ট যে হোটেলে অবস্থান করবেন, সেটিকে উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে মোতায়েন রয়েছে সন্ত্রাসবিরোধী ও বোমা শনাক্তকারী দল। তার হোটেলেও ব্যাপক নিরাপত্তা ও তল্লাশি চালানো হয়েছে।

দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা তল্লাশিতে সম্ভাব্য পারমাণবিক, বিকিরণ ও রাসায়নিক হামলার ঝুঁকি শনাক্তের ব্যবস্থাও থাকবে। হোটেলের আশপাশের ভূগর্ভস্থ পাইপলাইন ও অন্য অবকাঠামোও পরীক্ষা করা হচ্ছে।

ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য এবং আধাসামরিক বাহিনীর ২০০টি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে এবং যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন এলাকা ও নিরাপত্তা অঞ্চলে পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থাও ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শান্তি পথ পর্যন্ত শি জিনপিংয়ের চলাচলের পথে ৭০০টির বেশি সিসিটিভি ক্যামেরা এবং পাঁচটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

তুঘলক রোড থানায় একটি বিশেষ সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করা হয়েছে। সেখানে প্রায় ৫০০ ক্যামেরার সরাসরি চিত্র পর্যবেক্ষণ করা যাবে।

এ ছাড়া যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ওই পথে অতিরিক্ত নজরদারি ক্যামেরা বসানো হয়েছে।

আরও পড়ুন: শিয়ের ভারত সফর/ কূটনৈতিক বরফ গললেও অনিশ্চিত বাণিজ্যিক অগ্রগতি

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় যানবাহনে নয় বরং দেশটিতে সফরকালে প্রেসিডেন্ট শি তার নিজের গাড়িতে ভ্রমণ করবেন। এরইমধ্যে শি জিনপিংয়ের ব্যবহারের জন্য চীন প্রায় ১০ দিন আগেই তার বিশেষ রাষ্ট্রীয় গাড়ি হংছি, একটি বিকল্প গাড়ি এবং যোগাযোগ সরঞ্জাম একটি কার্গো বিমানে করে ভারতে পাঠিয়েছে।

তবে বিদেশি নিরাপত্তা দলের আনা কিছু সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে ভারতের নিয়ম মানতে হবে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিংয়ের স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম ব্যবহারের অনুমতি নেই। পাশাপাশি নির্দিষ্ট কিছু অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম দেশে আনা যায় না এবং সেগুলো আগমনের পর শুল্ক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়।

এক কর্মকর্তা জানান, বিদেশি সরকারগুলোর পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুযায়ী দিল্লি পুলিশ ও অন্য সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশেষভাবে পরিবর্তিত একটি বোয়িং ৭৪৭-৮ বিমানে ভ্রমণ করেন, যা চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়না পরিচালনা করে। বিমানটি দেশটির প্রধান রাষ্ট্রীয় বিমান হিসেবে ব্যবহৃত হয় এবং একই সঙ্গে এটি একটি ভ্রাম্যমাণ কমান্ড কেন্দ্রের মতো কাজ করে।

মূলত বাণিজ্যিক যাত্রীবাহী বিমান হিসেবে তৈরি হওয়া এই উড়োজাহাজটি ২০১৪ সালে এয়ার চায়নার বহরে যুক্ত হয়। পরে ২০১৫ সালের মে মাসে কয়েক মাসের জন্য এটিকে বিশেষভাবে রূপান্তরের কাজে নেওয়া হয়। ২০১৬ সালে এটি ভিআইপি অভ্যন্তরীণ সাজসজ্জা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও বিশেষ নিরাপত্তা প্রযুক্তি নিয়ে রাষ্ট্রীয় ব্যবহারে যুক্ত হয়।

বিমানটিতে এনক্রিপ্ট করা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে শি জিনপিং সরকার ও সামরিক কমান্ড কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

এতে হুমকি শনাক্তকারী ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি সুরক্ষার প্রযুক্তিও রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর