ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনায়না’ তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে।
শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজটি।
জাহাজটি বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।
সফরকালে ভারতীয় জাহাজটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ ছাড়া সফরসূচির অংশ হিসেবে জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভারতীয় জাহাজটি পরিদর্শন করবেন।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশ-ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। সফর শেষে রোববার ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।


