ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৪৮২টি ঝুঁকিপূর্ণ এবং বাকি ৯২টি অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা এবং যাতায়াত ব্যবস্থার বিষয়টি বিবেচনায় আনা হয়। এছাড়াও নির্বাচন ঘিরে অতীতের ঘটনাগুলোও বিচার-বিশ্লেষণ করে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৫৭৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শারমিন আক্তার জাহান বলেন, ‘সব ভোটকেন্দ্রেই ক্লোজসার্কিট ক্যামেরা থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার একটু বেশি থাকবে। আর যেগুলো আমরা অধিক ঝুঁকিপূর্ণ মনে করছি, সেগুলোতে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র হিসেবে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ২৬ লক্ষ ৮ হাজার ৮৭ জন।


