রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় হত্যার ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কিশোর পেশায় রাজমিস্ত্রির সহযোগী।
পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ওই কিশোরকে তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা এলাকার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
একটি সূত্র বলছে, গ্রেপ্তার কিশোরের বয়স ১৫/১৬ বছর হতে পারে। তবে বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়ালটির বিষয়েও কথা বলেছে সে। তাকে নিয়ে আমরা অস্ত্র উদ্ধারে বের হব। পরবর্তীতে ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
গত ৬ ডিসেম্বর তারাগঞ্জের পূর্ব রহিমাপুরের নিজ বাড়ি থেকে কুরশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন ময়নাতদন্ত শেষে মরদেহে দুটির সৎকার করা হয়।
এ ঘটনায় তার বড় ছেলে শোভেন চন্দ রায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এই মামলাতেই ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।


