নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে বাবর আজম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবর ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার সকালে পরিবারের অজান্তে বসতঘরের পেছনের একটি ছোট পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শিশুটির ফুফু ঘরের পেছনের পুকুরে তার পরনের প্যান্ট ভাসতে দেখে স্থানীয়দের ডেকে নেন। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, বর্ষাকালে নদী-নালা-পুকুর পানিতে ভরা থাকে এ সময়ে পরিবারের সদস্যদের সতর্কতা অবলম্বন করা উচিত।


