ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় নাসির মিয়া (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সদর উপজেলার মালিহাতা গ্রামের শ্রীডোবা এলাকায় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া একই উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকার কুতুব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা অভিমুখী একটি ড্রাম ট্রাক বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশাচালক নাসির মিয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ট্রাকটির চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


