রিয়াল মাদ্রিদ অধ্যায়ের পর নতুন এক ঐতিহাসিক দায়িত্বে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে—পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলটির নতুন কোচ হচ্ছেন এই ইতালিয়ান কিংবদন্তি। এর মধ্য দিয়ে আনচেলত্তি হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া জাতীয় দলের কোচ।
৬৫ বছর বয়সী আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুম শেষে চুক্তি শেষ করেই ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন। প্রাথমিকভাবে তাঁর সঙ্গে এক বছরের চুক্তি হলেও, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানোর অপশন থাকছে।
সিবিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, “আগামী সপ্তাহেই আনচেলত্তি দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল চূড়ান্ত করতে তিনি ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।”
সিবিএফ সভাপতি এদনালদো রোদ্রিগেজ এই নিয়োগকে ব্রাজিল ফুটবলের জন্য ‘একটি যুগান্তকারী সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বিশ্বকে জানিয়ে দিলাম—ফুটবলের শীর্ষ আসনে ফিরে যাওয়ার লড়াইয়ে ব্রাজিল পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। আনচেলত্তি ইতিহাসের সেরা কোচ, আর এখন তিনি নেতৃত্ব দেবেন বিশ্বের সেরা জাতীয় দলকে।”
আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার স্বপ্নটা নতুন নয়। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর, সাবেক কোচ তিতের বিদায়ের পর থেকেই আনচেলত্তিকে চাচ্ছিল সিবিএফ। যদিও ২০২৩ সালের ডিসেম্বরে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন, তবে বার্নাব্যুতে এবারের ব্যর্থ মৌসুম ও ব্রাজিল জাতীয় দল কোচ হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অবশেষে তাঁকে বিদায়ের সিদ্ধান্তে নিয়ে আসে।
রিয়ালের হয়ে আনচেলত্তির শেষ ম্যাচ হতে যাচ্ছে ২৫ মে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে। সেই ম্যাচেই তাঁকে দেওয়া হবে বিদায় সংবর্ধনা—এক কিংবদন্তির বিদায় যেমন হওয়া উচিত।
দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফিরেই তিনি জিতেছেন আরও একটি চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা, সব মিলিয়ে রিয়ালের হয়ে তাঁর নামের পাশে এখন তিনটি ইউরোপ সেরার ট্রফি, দুটি লা লিগা এবং বেশ কিছু ঘরোয়া ও আন্তর্জাতিক শিরোপা।


