দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে ভারী বৃষ্টিপাতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, জুইজ দে ফোরা শহরে ১৬ জন এবং সেখান থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরের উবা শহরে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘মানবিক সহায়তা নিশ্চিত করা, মৌলিক সেবা পুনরুদ্ধার, গৃহহীনদের সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া সরকারের প্রধান লক্ষ্য।’
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, জুইজ দে ফোরায় প্রায় ৪৪০ জন মানুষ গৃহহীন হয়েছেন। বন্যা ও ভূমিধসের কারণে পৌরসভা পরিচালিত স্কুলগুলোর পাঠদান স্থগিত করা হয়েছে। দুর্ঘটনায় সাড়া দেওয়া এবং নিখোঁজদের খোঁজে বিশেষ উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জি-১ জানিয়েছে, সেখানে শিশুসহ ৪৫ জন নিখোঁজ রয়েছেন।
সরকার জুইজ দে ফোরা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে, যাতে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম দ্রুততর করা যায়।
ব্রাজিলে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গ্রীষ্মকালীন বর্ষা মৌসুমের চূড়ায় থাকে। এ সময় ঘন ঘন প্রবল বৃষ্টিপাত, বজ্রঝড়, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।
জুইজ দে ফোরার সিটি হল জানিয়েছে, এটি শহরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ফেব্রুয়ারি মাস। ইতোমধ্যে বৃষ্টির পরিমাণ মাসিক স্বাভাবিক গড়ের দ্বিগুণ ছাড়িয়েছে। শহরের মেয়র মারগারিদা সালোমাও পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলে উল্লেখ করেছেন।
এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেটিওরোলজি মিনাস গেরাইস ও রিও ডি জেনেরিওসহ ১৪টি রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।


