বেসিক ব্যাংক কেলেঙ্কারির মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এই ব্যংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের মামলায় চলমান তদন্তের স্বার্থে এ আদেশ দেয় আদালত।
সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, বেসিক ব্যাংকের সাবেক এমডি একেএম সাজেদুর রহমান, সাবেক ডিএমডি ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূঁইয়া এবং তাহমিনা ডেনিম লিমিটেডের এমডি ইয়াসির আহমেদ খান ও চেয়ারম্যান কামাল জামান মোল্লা।
দুদকের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল আদালতে জানায়, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন এবং তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্ত বিঘ্নিত হবে।
এর আগে দেওয়া ৬০ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এবং এ মামলার অন্যতম আসামি কাজী রিজওয়ান মোমিনুল হক ইমিগ্রেশন থেকে বাধা প্রত্যাহারের আবেদন করায় দুদক পুনরায় আদালতে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানায়।


