আবারও বিতর্কের মুখে পড়েছে বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসন। এই কোম্পানির ট্যালকভিত্তিক বেবি পাউডারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান অ্যাসবেস্টস থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত প্রায় ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও জরিমানা দিতে নির্দেশ দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা করেছিল মে মুর নামের এক নারীর পরিবার। মুর ২০২১ সালে মেসোথেলিওমা ক্যানসারে মারা যান। পরিবারের অভিযোগ ছিল জনসন অ্যান্ড জনসনের বেবি ট্যালকম পাউডারে অ্যাসবেস্টস ফাইবার ছিল, যা মুরের ক্যানসারের মূল কারণ।
আদালতের রায়ে বলা হয়, মুরের পরিবারকে ১৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে জনসন অ্যান্ড জনসনকে। সেইসঙ্গে ৯৫০ মিলিয়ন ডলার জরিমানাও দিতে হবে।
অবশ্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আগের রায় অনুযায়ী, শাস্তিমূলক জরিমানা সাধারণত ক্ষতিপূরণের নয়গুণের বেশি হতে পারে না। ফলে আপিলে জরিমানার পরিমাণ কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনসন অ্যান্ড জনসনের ভাইস প্রেসিডেন্ট এরিক হ্যাস বলেন, ‘এই রায় সম্পূর্ণ অযৌক্তিক ও সংবিধানবিরোধী। আমরা শিগগিরই আপিল করব। বাদীপক্ষ তথাকথিত জাঙ্ক সায়েন্স-এর ওপর নির্ভর করেছে, যা আসলে আদালতে উপস্থাপন করার মতোই নয়।’
তিনি দাবি করেন, কোম্পানির পণ্য নিরাপদ, এতে কোনো অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যানসার সৃষ্টি করে না।
জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এ ধরনের মামলা বা রায় এটাই প্রথম নয়। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের একটি আদালত কোম্পানিটিকে ৭২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল। ওভারি ক্যানসারে মারা যাওয়া জ্যাকুলিন ফক্স নামের এক নারীর পরিবারকে এই ক্ষতিপূরণ দিতে বলা হয়।
এসবশেষ ২০২৪ সালেও ভোক্তাদের ভুল তথ্য দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি ৭০০ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়।
জনসন অ্যান্ড জনসন ২০২০ সালেই যুক্তরাষ্ট্রে ট্যালকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে কর্নস্টার্চ-ভিত্তিক পণ্য চালু করে। ২০২৩ সালের মধ্যেই তারা বিশ্বব্যাপী ট্যালক পাউডার বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করে।
সব মিলিয়ে এ মুহূর্তে কোম্পানিটির বিরুদ্ধে ৬৭ হাজারেরও বেশি মামলার মুখোমুখি। যেখানে বাদীপক্ষের দাবি তাদের ক্যানসার এই কোম্পানির ট্যালক পণ্য ব্যবহারের ফল। যদিও কিছু মামলায় কোম্পানি হারলেও বেশ কয়েকটি মামলায় তারা জিতেছে। গত সপ্তাহেই সাউথ ক্যারোলিনার একটি আদালত জনসন অ্যান্ড জনসনের পক্ষে রায় দেয়।


