ফিলিস্তিনমুখী ফ্রিডম ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত শহিদুল আলমের মুক্তির দাবি করেছে গণসংহতি আন্দোলন। বুধবার রাজধানীতে এক সমাবেশ ও মিছিলে এ দাবি জানানো হয়।
এ সময় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, ‘আমাদেরকে সোচ্চার হতে হবে ফিলিস্তিনমুখী ফ্রিডম ফ্লোটিলার অধিকারকর্মীদের মুক্তির জন্য।’
তিনি বলেন, ‘ফ্রিডম ফ্লোটিলায় যারা ছিলেন তাদেরকে অপহরণ করে কোথায় রাখা হয়েছে, আমরা জানি না। তাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাদের মুক্তির জন্য সর্বোচ্চ ভূমিকা নিতে হবে।’
গণসংহতি আন্দোলনের উদ্যোগে ঢাকার ইস্কাটনের বিয়ামের গলির মাঠে আয়োজিত এই সংহতি সমাবেশে তাসলিমা আখতার আরও বলেন, ‘গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২০ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। লক্ষ লক্ষ মানুষ উদবাস্তু হয়ে গেছে। সারা বিশ্ব থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করা শহিদুল আলম এবং রুহি লোরেনের মতো অধিকার কর্মীদের অপহরণ করা মানবতার কণ্ঠরোধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘এটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের একটি পদক্ষেপ ছিল, যারা শহিদুল আলমকে আগেও কারাবন্দী করে নির্যাতন করেছিল। এখন ফিলিস্তিনের মানুষের মুক্তির দাবিতে তিনি আবারও ফ্রিডম ফ্লোটিলায় গিয়েছেন। তার মুক্তির দাবি সারা বাংলাদেশের মানুষের দাবি।’
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া বলেন, ‘ফিলিস্তিনের পক্ষে সারা বিশ্বে শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমেছে। বিশ্বের সম্মিলিত প্রতিবাদ এখন অত্যন্ত জরুরি ফিলিস্তিনের জন্য।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষক নাসিমা, সমগীতের ঢাকা অঞ্চলের সাবেক সভাপতি রেবেকা নীলা, প্রতিবেশ আন্দোলনের সংগঠক আবদুল্লাহ নাদভী, গণসংহতি আন্দোলনের সাংগঠনিক উপকমিটির সদস্য সাইফুল্লাহ সিদ্দিক রুমন, ইস্কাটন অঞ্চলের সংগঠক আমিনুল ইসলাম, হাতিরঝিল অঞ্চলের সংগঠক আবদুল কাদের, মিরপুর অঞ্চলের সংগঠক লুতফুন্নাহার সুমনা, জাতীয় পরিষদের সদস্য আশরাফুল আলম সোহেল, ময়মনসিংহ ভালুকার সংগঠক গ্রুপ ক্যাপ্টেন (অব) মো. খালেদ হোসাইন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিবাদী মিছিল নিয়ে ইস্কাটন-মগবাজার এলাকা প্রদক্ষিণ করেন।


