বেপর্দা নারীদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির সেলফি তোলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ রেজাউল করিম। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মুফতি রেজাউল করিম জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ‘আমরা তো বলিনি ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। আর মেয়েদের পাশে বসে সেলফি তোলে মুরুব্বি মানুষটা। বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা তো ইসলামী আন্দোলন পারে না।’
তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পরে যখন এদেশে অরাজকতা চলেছিল তখন ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের জানমাল-ইজ্জত হেফাজতের জন্য পাহারাদারের দ্বায়িত্ব পালন করেছে। এ সময় মেয়েরা মেয়েদের অবস্থানে আর ছেলেরা ছেলেদের অবস্থানে থাকবে জানিয়ে হাতপাখা মার্কায় ভোট চান তিনি।
হাতিবান্ধায় জনসভা শেষে লালমনিরহাটের কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার মিশনমোড়ে নির্বাচনী পথসভায় অংশ নেন ইসলামী আন্দোলনের আমির।


