বুধবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, পদক পাচ্ছে ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

বুধবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, পদক পাচ্ছে ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

আগামী বুধবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ পালন করবে সরকার।

সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এক সংবাদ সম্মেলনে এই সময়সূচি ঘোষণা করেন।

এবারে সপ্তাহটির প্রতিপাদ্য, ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’।

উপদেষ্টা সপ্তাহের কর্মসূচী ঘোষণার পাশাপাশি জানান, প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদানের জন্য এবার ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত থাকবেন, বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন। পাশাপাশি ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ফরিদা আখতার বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিডিপিতে এর অবদান ১ দশমিক ৮১ শতাংশ, পাশাপাশি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ১৯ শতাংশ। কৃষি জিডিপিতে এই খাতের অবদান ১৬ দশমিক ৫৮ শতাংশ ‘

আরও পড়ুন

তিনি বলেন, ‘দেশে পোল্ট্রি এখন দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্প, যেখানে ৪০ হাজার কোটি টাকারও বেশি বেসরকারি বিনিয়োগ রয়েছে। বর্তমানে দেশে ৮৫ হাজার ২২৭টি নিবন্ধিত বাণিজ্যিক পোল্ট্রি খামার এবং প্রায় ১ লাখ ৯১ হাজার ছোট আকারের খামার রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৬ দশমিক ৬৮ কোটি ডিম উৎপাদন হয়।’

এসময় প্রাণিসম্পদ সপ্তাহ পালনে সরকারের কর্মসূচী তুলে ধরেন তিনি।

ঘোষণা অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫ দেওয়া হবে।

এরপর দুপুর ১২ টায় ঢাকার পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী ও ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। সপ্তাহের দ্বিতীয় দিন বৃহস্পতিবার থাকবে র‌্যালি ও প্রাণিসম্পদ খাত সম্পর্কিত সমস্যা, সম্ভবনা ও করণীয় বিষয়ে সেমিনার।

দেশের প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করতে কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

যার মধ্যে শুক্রবার গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সেমিনারের আয়োজন করবে প্রাণিসম্পদ অধিদপ্তর, শনিবার প্রাণিজ পণ্যের বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধিতে সম্ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনা সভা হবে।

এরপর রোববার প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ প্রচার, সোমবার তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা এবং শেষদিন অর্থাৎ ২ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশনে প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এছাড়া, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা, র‌্যালি, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদি পশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পসহ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad