বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।
২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই মামলা করা হয়েছিল।
মঙ্গলবার অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।
আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল এই তথ্য জানিয়েছেন।
অব্যাহতি পাওয় উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ও আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, হাবিন-উন-নবী খান সোহেল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা নাসির উদ্দীন অসীম, নিপুণ রায় চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়েছিল, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। এদিন বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ হামলা করলে উভয়পক্ষে তীব্র সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের অনেকে হতাহত হন।
এ ঘটনার দুইদিন পর ৩১ অক্টোবর ঢাকার পল্টন থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন রমনা মডেল থানার উপপরিদর্শক আবদুল আউয়াল। তদন্ত শেষে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে গত বছরের ২১ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।


