বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার দুপুর বারোটার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের আগে নিজের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তুলে নেন তিনি।
সকালে তামিম উপস্থিত হন বিসিবি ভবনে। তার উপস্থিতিই জানান দিচ্ছিল যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিতে যাচ্ছেন। শেষ পর্যন্ত প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার। তার সঙ্গে একই সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আরেক প্রার্থী ইসরাফিল খসরু।
বিসিবি নির্বাচনের বিধি অনুযায়ী বুধবার দুপুর ১২টা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা। এরপর দুপুর ২টায় প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। ফলে দুপুর পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে ক্রিকেট বোর্ড প্রাঙ্গণে।
শুধু তামিম নন, আরও কয়েকজন প্রার্থী সরে দাড়াতে পারেন বলে গুঞ্জন চলছে। নির্বাচনী মাঠে শুরুর উচ্ছ্বাস থাকলেও শেষ সময়ে এসে অনেকেই পিছিয়ে যাচ্ছেন। অভ্যন্তরীণ আলোচনার সূত্র ধরে জানা গেছে, অন্তত আটজন প্রার্থী হয়তো শেষ মুহূর্তে নিজেদের মনোনয়ন তুলে নেবেন।
বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের উপস্থিতি বরাবরই আলাদা গুরুত্ব বহন করে। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন মাঠ মাতানোর পর এবার প্রশাসনিক দায়িত্ব পালনের সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু শুরুতেই সরে দাড়ানো অনেককেই অবাক করেছে। তার সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট অঙ্গনে চলছে নানা আলোচনা।


