ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী দিনে আনন্দের বদলে গভীর শোকের অনুভূতিতে আছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। প্রয়াত কন্যা, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘কারিনা, এই বিশ্বকাপে আমি সত্যিই তোমাকে ভীষণ মিস করবো।’ তিনি জানান, মেয়ের সঙ্গে বসে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা দেখার অসংখ্য স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
পোস্টে তিনি আরও লেখেন, ‘কারিনা মামনি, তোমার সাথে আর খেলা দেখা হবে না। একসাথে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলা দেখার স্মৃতিগুলো মনে পড়লে বুকটা হাহাকার করে ওঠে। খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো।’
বিশ্বকাপের মতো উৎসবমুখর আয়োজনও এখন তার কাছে শূন্যতা আর বেদনার প্রতীক হয়ে উঠেছে বলে উল্লেখ করেন কায়সার হামিদ। কারণ, যার সঙ্গে প্রতিটি ম্যাচের উত্তেজনা ও আনন্দ ভাগ করে নিতেন, তিনি আজ আর পাশে নেই। তবে মেয়ের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, কারিনা সবসময় তার সঙ্গে আছেন এবং থাকবেন।
উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় সম্প্রতি মারা যান কারিনা কায়সার। তার মৃত্যুর পর থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের স্মৃতিচারণ করে আসছেন কায়সার হামিদ। কখনও শৈশবের ছবি, কখনও বা মেয়ের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত শেয়ার করে আবেগঘন বার্তা দিচ্ছেন তিনি।
এদিকে কারিনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভাল’-এ তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, কারিনার কাজ তাকে প্রতিযোগিতার সীমা ছাড়িয়ে বিশেষ অবস্থানে নিয়ে গেছে। তাই তার অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চলমান চরকি অ্যাওয়ার্ডসেও কারিনার মনোনয়ন ছিল। তবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে প্রতিযোগিতা থেকে আলাদা রেখে বিশেষভাবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।


