বিরোধী দলের সমালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর মন খারাপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘বিরোধী দল হিসেবে আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করতে চেয়েছিলাম। কিন্তু দুর্নীতি ও লুটপাট বন্ধ না হওয়ায় তা সম্ভব হয়নি।’
শনিবার বিকালে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ঘোষিত বাজেটে জনগণের উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, তা স্পষ্ট নয়। এতে দলীয় ব্যয়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। সরকার জনগণকে নানা স্বপ্ন দেখালেও তা বাস্তবায়নে ব্যর্থ হবে।
তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নের জন্য দেশকে বিদেশি ঋণের ওপর আরও নির্ভরশীল হতে হবে। বাজেটটি দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে না।
বিদ্যুৎ খাতের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে। এরপরও গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি অস্থিতিশীল।
তিনি বলেন, দেশের পরিবর্তন আনতে হলে গণভোটের গণরায়ের ভিত্তিতে সরকার গঠন করতে হবে। একই সঙ্গে পুলিশসহ রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে জাতীয় দলের এক ক্রিকেটারকে মারধরের ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড চলতে থাকলে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়।
সরকারের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমপি-মন্ত্রীসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।’ পাশাপাশি জনগণকে রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মহাসমাবেশে বিরোধী দলের নেতা শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


