যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে।
তাজউদ্দিন আহমেদের কন্যা সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি শুক্রবার বিকালে টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন–সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার প্রশ্নে মাহজাবিন আহমদ মিমি জানান, সম্ভবত বুধবার ওই ঘটনা ঘটেছে। কেন তাকে আটকে দেওয়া হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’ এর বেশি বিস্তারিত বলতে রাজি হননি তিনি।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) নিশ্চিত করেছেন ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ছাড়তে পারেননি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।
একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহিত হয়।
পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হয়। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত।
এরপর কখনই আর রাজনীতিতে জড়াননি তিনি। তবে বিভিন্ন অনুষ্ঠানে ও ফেসবুক পোস্টে নানা রাজনৈতিক বিষয়ে মতামত দিয়ে তিনি আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে লাইফস্টাইল–বিষয়ক রিয়্যালিটি শো ‘হটলাইন কমান্ডো’ সম্প্রচারের কথাও জানান তিনি।
এর আগে গত ১৭ জুলাই বড় বোনকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সোহেল তাজ।
সে সময় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, ‘মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার। এ সময় উপস্থিত ছিলেন তাজউদ্দীনের বড় মেয়ে শারমিন আহমদ এবং ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।’
‘পরে নিজের লেখা ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন শারমিন আহমদ,’ জানায় প্রেস ইউং।


