হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কুরিয়ার গোডাউনে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি কুরিয়ার গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ হয়ে যায়।
পরে প্রায় ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। রাত ৯টায় ফের বিমান চলাচল শুরু হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়, তা নিশ্চিত করে এখনো কেউ জানাতে পারেনি।

আগুন লাগার পরপরই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের উদ্যোগ নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক এবং একই বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়াকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্যরা হলে–জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান ও মো. তারেক হাসান এবং ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

কমিটিকে দ্রুত কার্গো ভিলেজে আগুনে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
এর ফলে আমদানি-রপ্তানির কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউসের কার্যক্রম সচল রাখার উদ্যোগ গ্রহণ করেছে।
কার্গো ভিলেজ দেশের রপ্তানি-আমদানি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে তৈরি পোশাক, কুরিয়ার সার্ভিস, ফার্মাসিউটিক্যালস ও কৃষিপণ্যসহ বিভিন্ন খাতের পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। ফলে এ ধরনের অগ্নিকাণ্ড রপ্তানিমুখী শিল্প খাতের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


