বিতর্কিত মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়।
শনিবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে তাকে ২১ জুনের মধ্যে ঢাকায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকার এক মতবিনিময় সভায় রাশিদুল ইসলাম খান আপত্তিকর মন্তব্য করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পর কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি ইন্সপেক্টরকে ঝুলায় দেব, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাব।’
মহিরবাড়ি খালপাড় এলাকাটি অপরাধপ্রবণ হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের ভয়ে সাধারণ মানুষ পুলিশকে তথ্য দিতে ভয় পান। তথ্যদাতার পরিচয় প্রকাশ হলে নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা করেন।
সভায় বাসিন্দারা এই উদ্বেগ প্রকাশ করলে রাশিদুল ইসলাম খান তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। কোনো পুলিশ সদস্য তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিতে গিয়েই তিনি এই মন্তব্য করেন।
পরবর্তী সময় বক্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা নিশ্চিত করতে চেয়েছিলেন। তথ্যদাতার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের সংশয় দূর করতেই তিনি এমন কড়া ভাষা ব্যবহার করেন।


