বিচারহীনতা ও নিরাপত্তাহীন পরিবেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: মঞ্চ ২৪

বিচারহীনতা ও নিরাপত্তাহীন পরিবেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: মঞ্চ ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে মঞ্চ ২৪ এর সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিচারহীনতার সংস্কৃতি এখনো অব্যাহত থাকায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে আশঙ্কা জানিয়েছে ‘মঞ্চ ২৪’। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তারা এ হত্যাকাণ্ডে সরকারের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

আগামী ৩০ তারিখ শাহবাগ থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণভোটের প্রচার শুরু হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না। অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র উদ্ধার না করেই নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে অভিযোগ করেন তিনি।

ফাহিম ফারুকী জানান, গত ১৬ বছরে দেশে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, বর্তমান সরকারও তা নিরসনে ব্যর্থ হয়েছে। হাদি হত্যার বিচার নিয়ে সময়সীমা নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি, যা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন সৃষ্টি করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যার বিচার দাবি করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হবে এমন কোনো নিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বলেন, যেসব আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে, তারাই আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি বাহিনীর সদস্যদের হত্যা করা হচ্ছে।

আরও পড়ুন

এ সময় ঋণখেলাপীদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করে তিনি বলেন, ঋণখেলাপীরা জনগণের সম্পদ আত্মসাৎকারী। তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। কোনো ঋণখেলাপীকে সংসদে যেতে দেওয়া হবে না।

জাতীয় পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ফাহিম ফারুকী জানান, জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছে, অথচ সরকার তা বন্ধ করতে পারছে না। তিনি আরও বলেন, ওয়াকারের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার করা হচ্ছে, অথচ প্রকৃত খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এতে প্রমাণ হয়, সরকার একটি পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ এর সংগঠক লে. কর্নেল(অব.) হাসিনুর রহমান বলেন, এখনো আহতদের পুনর্বাসন করা হয়নি, অথচ সরকার নির্বাচন আয়োজন করতে মরিয়া। তার মতে, এই সরকারের প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল।

সংবাদ সম্মেলনে মেজর(অব.) রাব্বি শাহিন আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচন একটি রক্তক্ষয়ী নির্বাচনে রূপ নিতে পারে। গুন্ডামি ও মাস্তানি নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর প্রস্তুতি দেখা যাচ্ছে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad