সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শুক্রবার বিকালে সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে যোগ দিতে বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দেবেন বিএনপির প্রধান।
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এ অনুষ্ঠানে অংশ নেবেন।’
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম বারের মতো খালেদা জিয়া প্রকাশ্য কর্মসূচির অংশ হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।
এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।


