বিএসইজেডে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে জমি লিজ চুক্তি

বিএসইজেডে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে জমি লিজ চুক্তি
Advertisement
Advertisement

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রথম শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান লিডার্স লেবেল ম্যাটেরিয়াল বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সঙ্গে জমি লিজ চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার বেজা সম্মেলন কক্ষে এই চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে মোট ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হলো।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিডার্স লেবেল ম্যাটেরিয়াল বাংলাদেশ কোম্পানি লিমিটেড চীনের ঝেজিয়াং প্রদেশের হুজৌ শহরভিত্তিক হুজৌ লিংশিয়ান সিল্ক রিবন কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

বিশ্বব্যাপী ট্যাগ, লেবেল ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সমাধান প্রদানে প্রতিষ্ঠানটি সুপরিচিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানটি ট্রেসেবিলিটি, ব্র্যান্ডিং ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় সহায়ক উচ্চমানের পণ্য উৎপাদন করে।

চুক্তির আওতায় বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের অভ্যন্তরে প্রতিষ্ঠানটিকে এক হেক্টর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে শিল্প স্থাপনার নির্মাণকাজ শুরু করবে।

প্রস্তাবিত প্রকল্পে প্রাথমিকভাবে আনুমানিক পনেরো থেকে বিশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিনিয়োগ বাংলাদেশে দীর্ঘমেয়াদি শিল্পায়ন ও বিএসইজেডের ওপর প্রতিষ্ঠানের আস্থার প্রতিফলন বলে মনে করছে কর্তৃপক্ষ।

কারখানা স্থাপনের মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে বাংলাদেশের সংযুক্তি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল অ্যাক্সেসরিজ খাতে এই প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনটি জাপানিজ ইকোনমিক জোন নামেও পরিচিত।

বাংলাদেশ সরকার ও জাপান সরকারের যৌথ উদ্যোগে সরকার-টু-সরকার ভিত্তিতে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর