বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতির কবর দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানে চেতনা ভুলে গেছে বিএনপি।’
বৃহস্পতিবার বিকালে বগুড়ার নন্দীগ্রামে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইবরাহীম রনি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ স্বপ্ন দেখছে, একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে। জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না ছাত্রশিবির।’
সাদিক কায়েম বলেন, ‘শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন দেশ হবে বৈষম্যহীন। আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীর ঠাঁই হবে না।’
মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘৩৬ জুলাইয়ের আগের রাজনীতি আর চলবে না। যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম, তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।’
ইবরাহীম রনি বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুজন বাংলাদেশিকে হত্যার পর দেশের বড় দলের দাবিদার রাজনৈতিক দল একটি বিবৃতিও দিতে পারেনি।’
মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাবনা-১ আসনে দলটির মনোনীত প্রার্থী নাজিবুর রহমান মমিন, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া জেলার আমির আব্দুল হক সরকার ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্যারিয়ার ডেভেলেপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।


