বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে: হাসনাত

বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে: হাসনাত
হাসনাত আব্দুল্লাহ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটে বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এটা দলের ভোট নেওয়ার কৌশল উল্লেখ করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার রাতে রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে রংপুর-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আখতারের নির্বাচনী পদযাত্রার সভায় তিনি এই মন্তব্য করেন।

হাসনাত বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের আমির শফিকুর রহমান ও আধিপত্যবাদ বিরোধী সকল রাজনৈতিক দল প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তবে ভারতের বিজেপির বাংলাদেশের শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এর ফলে জাতীয় পার্টি অলরেডি মৃত হয়ে গেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলার জনগণ দলটির কফিনে শেষ পেরেক মেরে জানাজা পড়িয়ে ফেলবে।’

এসময় বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা যদি একজনকে আজীবন ক্ষমতায় দেখতে না চান, দুর্নীতি, চাঁদাবাজ আর দখলবাজমুক্ত বাংলাদেশ চান তাহলে হ্যাঁ ভোট দিতে হবে। বিএনপি প্রকাশ্যে হ্যাঁ ভোটের কথা বলছে আর গোপনে না ভোটের পক্ষে কাজ করছে। এটা তাদের ভোট নেওয়ার কৌশল, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এই গোপন-ওপেন অবস্থান বাদ দিতে হবে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের টাকা নাই। চাঁদাবাজদের চাঁদা নিয়ে নির্বাচনে আসিনি। আমরা টেন্ডারবাজির অর্থ দিয়ে নির্বাচন করতে আসিনি। আমরা ঋণ খেলাপিদের জীবন জাহান্নাম বানিয়ে দিতে এসেছি।’

মাদক দিয়ে যাদের জীবিকা চলে তাদের কাছ থেকে সমাজ কখনো ভালো কিছু প্রত্যাশা করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘সেই ধরনের প্রার্থীকে বাংলার মানুষ আর চায় না। এবারের নির্বাচন শুধু ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন নয়, এবারের নির্বাচন বাংলাদেশকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত করার নির্বাচন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad