ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপিই সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
তিনি বলেন, ‘ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।’
রোববার বিকালে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উঠান বৈঠক করে তিনি এসব কথা বলেন।
বৈঠকে শামিলা রহমান উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান । পরে তিনি বাড্ডা নতুন বাজারসংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
এর আগে শনিবার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন সৈয়দা শামিলা রহমান সিঁথি।


