বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাফাখুম ঝর্ণার পানিতে গোসল করতে নেমে ইকবাল হোসেন (২৫) নামে ঢাকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে প্রায় ১০ জনের একটি পর্যটক দল আলীকদম হয়ে থানচির নাফাখুমে নামেন। সেখানে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যান ইকবাল হোসেন।
থানচি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান, কোনো রেজিস্ট্রেশন ও গাইড ছাড়াই তারা দুর্গম ওই পর্যটন স্পটে চলে যায়। তাই নিখোঁজ ব্যক্তির তথ্য পেতেও দেরি হয়েছে।

পর্যটক নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে তাদের সঙ্গে ওই অভিযানে যোগ দেন বিজিবি সদস্যরাও।
তবে শনিবার দুপুর পেরিয়ে গেলেও নিখোঁজ ইকবাল হোসেনের কোন সন্ধান মেলেনি। ওই পর্যটককে খুঁজে না হওয়া পর্যন্ত যৌথ অভিযান চলবে বলে জানান ওসি নাসির উদ্দিন।


