রাজধানী ঢাকার মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রোজিনা আক্তার (৩৮) নামের এক প্রবাসীর স্ত্রী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
নিহত রোজিনা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। মেরুল বাড্ডা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন রোজিনা।
নিহতের ভাই জিহাদ ভূঁইয়া জানান, শুক্রবার রাত ৯টার দিকে মেরুল বাড্ডার বাসা থেকে বিকাশে টাকা তুলতে বের হন রোজিনা। এর কিছুক্ষণ পর তারা খবর পান, মধ্য বাড্ডা এলাকার একটি রাস্তায় রোজিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আটকে পুলিশ তদন্ত শুরু করেছে।


