চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বাজেট নিয়ে সংসদে তেমন নেতিবাচক সমালোচনা হয়নি, বরং কিছু শঙ্কা প্রকাশ করা হয়েছে। সরকারের পদক্ষেপের কারণে রাজস্ব ঘাটতির আশঙ্কাও বাস্তবে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, সামাজিক অবকাঠামো খাতে প্রায় ৩০ শতাংশ, সাধারণ সেবায় প্রায় ২৬ শতাংশ এবং ভৌত অবকাঠামো খাতে ১৮ শতাংশের বেশি বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ দেশের মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।
তিনি বলেন, চলতি বাজেটে রাষ্ট্র পরিচালনা ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে। গত অর্থবছরে পরিচালন ব্যয় ছিল ৭২ দশমিক ৭ শতাংশ, যা কমিয়ে ৬৬ দশমিক ৩ শতাংশ করা হয়েছে। অন্যদিকে উন্নয়ন ব্যয় ২৭ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশে উন্নীত করা হয়েছে। এডিপিতে ৩ লাখ কোটি টাকার বেশি বরাদ্দসহ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিরোধীদের রাজস্ব ঘাটতির শঙ্কার জবাবে মন্ত্রী বলেন, ই-চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ, কর অব্যাহতি কমানো, রাজস্ব ফাঁকি শনাক্তকরণ এবং ভ্যাট কাঠামোর সংস্কারের ফলে রাজস্ব আয়ে ঘাটতি হবে না। পাশাপাশি ব্যাংক ঋণের ওপর নির্ভরতাও কমানো হয়েছে। গত অর্থবছরে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা, যা নতুন বাজেটে কমিয়ে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।


