জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।
তিনি জাতীয় সংসদের বাজেট হেল্পডেস্ক থেকে সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সংগ্রহের আহ্বান জানান।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং অর্থবিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার বক্তব্যে ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্তৃক মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কারিগরি সহায়তায় সংসদের বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে এই হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রমের গুণগত মানোন্নয়নে কাজ করবে।
অনুষ্ঠানে বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেন, বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হলো স্বচ্ছতার অভাব। বাজেটের অর্থ যেন ব্যক্তি বিশেষের উন্নয়নে ব্যয় না হয়ে জনকল্যাণে ব্যয় হয়, সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি।
অন্যদিকে, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে স্পিকার আনুষ্ঠানিকভাবে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, হুইপবৃন্দ এবং সংসদ-সদস্যগণ উপস্থিত ছিলেন।


