অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘স্টার্ট-আপ’ তহবিল, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাদের জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
সংসদে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে সরকারের তিনটি বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরেন।
বিশেষ বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন: অর্থমন্ত্রী জানান, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ঢাকা মহানগরের সামগ্রিক অবকাঠামো, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়মিত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঢাকা-৪ আসনের অন্তর্গত এলাকার সুনির্দিষ্ট চাহিদার ওপর ভিত্তি করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান বাড়াতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা সরকারের আছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ: সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, “সরকার সারাদেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে।”
নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও বরাদ্দ আগামী অর্থবছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।
যুব কর্মসংস্থান ও স্টার্টআপ তহবিল: যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, চলমান ২০২৫-২৬ অর্থ-বছরের সংশোধিত বাজেটে ‘স্টার্ট-আপ তহবিল’ খাতে এরইমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যুব ও ক্ষুদ্র উদ্যোক্তারা যেন এই সুযোগ-সুবিধা এবং কারিগরি প্রশিক্ষণ আরও সহজে পেতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে।
বাজেটে বিড়ির দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ দাম ও করহার অপরিবর্তিত থাকলে আগামী অর্থ বছরে বিড়ির দাম বাড়বে না।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩ এর সাংসদ রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
রাশেদা বেগম হীরা প্রশ্ন করেছিলেন, তামাকের উপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি যেমন বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরও বাড়িয়ে বেশি সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করবেন কি না?
জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ি ক্ষেত্রে মূল্য এবং করহার আগের বছরের মতো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


