কিছু গণমাধ্যম স্বৈরাচারের পক্ষে কাজ করেছে বলে অভিযোগ জানিয়ে এসব গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।
রোববার সংসদ অধিবেশনে তিনি বলেন, গত ১৭ বছর ধরে কিছু গণমাধ্যম ক্ষমতাসীন ফ্যাসিবাদী শক্তির পক্ষে নির্লজ্জ প্রচারণা চালিয়েছে। বিরোধী মতকে দমন করেছে, জনগণের সামনে বিকৃত বাস্তবতা তুলে ধরে গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়ায় ভূমিকা রেখেছে। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের পরও এসব মিডিয়া হাউসের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি; বরং তারা আবারও সক্রিয় হয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে।
বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বিভিন্ন গণমাধ্যমের প্রসঙ্গ টেনে এসব প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে আবুল হাসনাত আব্দুল্লাহ তা জানতে চান।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান বলেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রচলিত আইন লঙ্ঘন করে থাকে কিংবা রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


