বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য অতিরিক্ত অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে।’

শুক্রবার লালবাগের হৃদয় পার্টি সেন্টারে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর—এই দুই সিটি করপোরেশনকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’তে রূপান্তরের কাজ শুরু করা হয়েছে।

নগরীর বাসা-বাড়ি ও দোকানের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে উল্লেখ করে তিনি জানান, সেখান থেকেই সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবেন। এ সময় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

একই সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, পুরান ঢাকার খাবার সংস্কৃতি ও ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে পরিকল্পনা নেওয়া হবে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ঐতিহ্যবাহী এলাকাগুলোকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেবে সিটি করপোরেশন।

মহানগরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক অপরাধের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। ‘যারা চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক, যত ক্ষমতাবানই হোক’ যোগ করেন আবদুস সালাম।

এ ছাড়া ঢাকায় মশার উপদ্রব বেড়েছে উল্লেখ করে নবনিযুক্ত প্রশাসক জানান, মশক নিধন কার্যক্রম ও ডেঙ্গুবাহী মশা নির্মূলে করপোরেশনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিচালনা কমিটির সভাপতি রবিন হোসেনের সভাপতিত্বে এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad