সুন্দরবনের কাঁকড়া আহরণের সময় বনবিভাগের টহল টিমের গুলিতে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় বিক্ষুদ্ধ বনজীবীরা বন বিভাগের কার্যালয়ে হামলা চালায়। এতে বন বিভাগের পাঁচ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।
সোমবার সকালে সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন পাটকোস্টা অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান গাজী (৪৫) উপজেলার সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত আকছেদ আলী গাজীর ছেলে।
আমিনুরের সাথে থাকা জেলে আহম্মদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান, গত ১৩ মে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে তারা চারজন এক সাথে সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন পাটকোস্টা অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু নির্দেশনা মানতে গড়িমসি করায় বনবিভাগের নলিয়ান টহলফাড়ির ইনচার্জ মোবারক হোসেন তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে নিহতের মরদেহ লোকালয়ে নিয়ে আসেন তার সহকর্মীরা। বিকালে ওই মরদেহ নিয়ে স্থানীয়রা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের কার্যালয় ঘেরাও করে। এ সময় বিক্ষুদ্ধ বনজীবীরা বন বিভাগের কার্যালয়ে হামলা চালায়। এতে বন বিভাগের ৫ কর্মী গুরুতর আহত হন।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফজলুল হক জানান, ঘটনার দিন দুপুর একটার দিকে একজন জেলে বনের ভেতর গুলিবিদ্ধ হয়েছেন বলে বন বিভাগ জানতে পারে।
তিনি বলেন, ‘বনবিভাগের গোলাগুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে বলে বনজীবীরা অভিযোগ করেছেন। আমরা খবর পাচ্ছিলাম যে, এলাকার হাজার খানেক লোকজন নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ করার জন্য আসছে। আমরা সাথে সাথে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই।’
বন কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাস্থলে এসে তারা আমাদের রেঞ্জ অফিসসহ বিভিন্ন অফিস ভাঙচুর করে। স্টেশনঅফিসও ভাঙচুর করে।সেখানে গোলাবারুদসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পত্র রয়েছে। সেগুলো এখন কি অবস্থায় রয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। এখন পর্যন্ত আমাদের ৫ জন বনকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গেছে, আবার কয়েকজনের হাত ভেঙে গেছে। এখন আমাদের পর্যাপ্ত নিরাপত্তার দরকার।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন জানান, মরদেহ নিয়ে এলাকাবাসী সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের কার্যালয় ঘেরাও করে। পরে কিছু লোকজন বন বিভাগে হামলা করে। এতে বন বিভাগের কয়েকজন কর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


