মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।
বিজিবি সূত্রে জানা গেছে, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরে ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের হুসনা বেগম লস্করকে বিয়ে করেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবি আটক করে দুজনকে থানায় দিয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হবে। মামলার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


